জুলাই গ্রাফিতির ওপর জামায়াত নেতার পোস্টার, যা বললেন সেলিম উদ্দিন

গ্রাফিতির ওপর পোস্টার লাগানোয় দুঃখপ্রকাশ করলেন সেলিম উদ্দিন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত একটি গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগানোর ঘটনায় পোস্টার অপসারণ এবং দুঃখপ্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন।

সেলিম উদ্দিন বলেন, “আজ সকালে উত্তরা আজমপুর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গ্রাফিতির ওপর আমার কিছু পোস্টার লাগানোর বিষয়টি আমার নজরে এসেছে। ঘটনাটি জেনে আমি অত্যন্ত মর্মাহত ও দুঃখিত।”

তিনি জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পোস্টারগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। গ্রাফিতির কোনো ক্ষতি হয়ে থাকলে শিল্পীদের সহযোগিতায় তা আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, “চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাইয়ের ত্যাগ, স্মৃতি ও চেতনাকে আমি গভীরভাবে ধারণ করি। তাই এ ধরনের অসচেতন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও জানান, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যারা বিষয়টি তার নজরে এনেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বিবৃতির শেষে তিনি সকলকে জুলাইয়ের চেতনাকে অক্ষুণ্ণ রেখে একটি সুন্দর, সুশৃঙ্খল ও বৈষম্যহীন ঢাকা গড়ে তোলার আহ্বান জানান।

Next News Previous News