ইসরাইল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা ‘অগ্রহণযোগ্য’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী Saeed Khatibzadeh বলেছেন, ‘যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে আর অন্যদিকে তার মিত্র ইসরাইল লেবাননে গণহত্যা চালাবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বুধবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরপরই লেবাননে ব্যাপক হামলা চালায় তেল আবিব। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং ১১০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনার প্রেক্ষাপটে এক সাক্ষাৎকারে খাতিবজাদেহ জানান, তেহরান তাদের অবস্থান সরাসরি যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, ‘একসঙ্গে সব সুবিধা ভোগ করা যায় না। আপনি একদিকে যুদ্ধবিরতি চাইবেন, এর শর্তগুলো মেনে নেবেন, লেবাননকেও এর আওতায় আনবেন—আর তারপরই আপনার মিত্র গণহত্যা শুরু করবে—এটা হতে পারে না।’
খাতিবজাদেহ আরও বলেন, লেবাননে ইসরাইলের এই হামলা ‘এক ধরনের গণহত্যার শামিল’ এবং এটি আন্তর্জাতিকভাবে গুরুতর উদ্বেগের বিষয়।
