ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াত প্রার্থীর, প্রত্যাখ্যান বিএনপির
শেরপুর-৩ আসনে ভোটে ‘সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ, পাল্টা অস্বীকার
স্থগিতকৃত শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ চলাকালে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মাসুদুর রহমান ভোটে ‘সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে এবং ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ভোটার সংখ্যায় বড় পার্থক্য থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট টিম সমানভাবে মোতায়েন করা হয়েছে, যা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর প্রমাণ। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সকাল থেকেই সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
তিনি আরও বলেন, জামায়াতের প্রার্থী শুরু থেকেই উগ্র বক্তব্য দিয়ে আসছেন এবং জনগণ যাকে পছন্দ করবে, তারাই বিজয়ী হবে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের কোনো ভিত্তি নেই। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং মৌখিক অভিযোগগুলোর তদন্তেও সত্যতা পাওয়া যায়নি।
