আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির
দেশ পরিচালনায় স্লোগান ও বাস্তবতার মিল নেই: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের কোনো মিল নেই এবং আন্তর্জাতিক প্রভাব থেকেও দেশ মুক্ত হতে পারছে না।
শনিবার (১১ এপ্রিল) ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সমাজ চলছে গোজামিলের মধ্য দিয়ে। আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না। মনে রাখবেন, পাপ বাবাকেও ছাড়ে না।’
সরকারি দলের সমালোচনা করে তিনি বলেন, তাদের বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে, কিন্তু বাস্তবে রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই জ্বালানি সংকট তৈরি হয়েছে।
কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘কৃষি বাঁচলে দেশ বাঁচবে—এটা যেন ভুলে না যাই।’ তিনি আরও বলেন, সমাজে যার যেটুকু পাওনা, তা নিশ্চিত করতে হবে।
ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রত্যেক মানুষ যদি আল্লাহর ভয় নিয়ে নিজের দায়িত্ব পালন করে, তাহলে দেশ সংকট থেকে মুক্তি পেতে পারে।
