কাদিরভপন্থি চেচেন যোদ্ধারা ইরানের পাশে দাঁড়ালে যুদ্ধ কি নতুন মোড় নেবে?
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে: ইরানে স্থল অভিযানের ইঙ্গিত, চেচেন যোদ্ধাদের হস্তক্ষেপের ঘোষণা
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নতুন করে উত্তেজনার মেঘ ঘনীভূত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সম্ভাব্য ‘গ্রাউন্ড অপারেশন’ বা স্থল অভিযানের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন, ঠিক তখনই রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের একটি শক্তিশালী আধা-সামরিক বাহিনী বিস্ফোরক ঘোষণা দিয়েছে।
চেচেন নেতা রমজান কাদিরভের অনুগত এই যোদ্ধারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল সেনা পাঠায়, তবে তারা সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। এই ঘোষণার ফলে যুদ্ধের সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস মারফি সতর্ক করে বলেছেন, ইরানে স্থল অভিযান শুরু হলে শত শত মার্কিন সেনার প্রাণহানির ঝুঁকি রয়েছে। বিশেষ করে যদি চেচেন যোদ্ধাদের মতো অভিজ্ঞ বাহিনী ইরানের সঙ্গে যুক্ত হয়, তাহলে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে।
যদিও রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও গোয়েন্দা সম্পর্ক রয়েছে, চেচেন যোদ্ধাদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নিয়ে মস্কো এখনো আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি। তবে বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য জোট মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করেছে। এরপর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা ক্রমাগত বাড়ছে।
সর্বশেষ পরিস্থিতিতে, ট্রাম্পের স্থল অভিযানের ইঙ্গিত এবং চেচেন বাহিনীর সম্ভাব্য অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
