হরমুজ প্রাণালীর ওপর নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
হরমুজ প্রণালীর কাছে মার্কিন নজরদারি ড্রোন নিখোঁজ
হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড্ডয়নের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C Triton নিখোঁজ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি মিশন সম্পন্ন করে ইতালির সিসিলির নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল।
উড্ডয়নের সময় এটি হঠাৎ ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং ‘7700’ জরুরি সংকেত পাঠায়। এরপর দ্রুত উচ্চতা হারিয়ে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, MQ-4C Triton যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল নজরদারি ড্রোনগুলোর একটি, যার মূল্য ২০০ মিলিয়ন ডলারের বেশি। এটি দীর্ঘ সময় ধরে কৌশলগত সমুদ্রপথে নজরদারি চালাতে সক্ষম।
এই ঘটনা এমন সময় ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরান সাম্প্রতিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।
ড্রোন নিখোঁজ হওয়ার ঘটনাটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
