লেবাননে হামলা পর আলোচনা নিয়ে ধোঁয়াশা
লেবানন ইস্যুতে ইসলামাবাদ বৈঠক নিয়ে অনিশ্চয়তা
লেবাননে ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বনির্ধারিত আলোচনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। আগামীকাল শনিবার পাকিস্তানের ইসলামাবাদে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের প্রতিনিধি দল এখনো তেহরান ত্যাগ করেনি।
মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের সিনিয়র ফেলো আব্বাস আসলানি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্বাস আসলানি বলেন, লেবাননে ইসরাইলি হামলা চলতে থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় ইরান। তিনি জানান, যতক্ষণ হামলা চলবে ততক্ষণ ইসলামাবাদে কোনো আলোচনা হবে না।
মূলত লেবানন পরিস্থিতি এই কূটনৈতিক প্রচেষ্টাকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈঠক স্থগিতের পেছনে কেবল চলমান সংঘাত নয়, বরং যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের অনুমোদিত একটি ১০-দফা শান্তি পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন, যা ইরানের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে।
আব্বাস আসলানির মতে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষা না করার পুরোনো আশঙ্কা আবারও জোরালো হয়েছে এবং এই রাজনৈতিক পরিবর্তনগুলো আমেরিকার ওপর আস্থা রাখা কঠিন করে তুলছে।
