পুরো বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান
২০২৬ সালেও একাধিক ফ্রন্টে যুদ্ধের ইঙ্গিত ইসরাইলি সেনাপ্রধানের
ইসরাইলি সেনাবাহিনীকে চলতি বছর অর্থাৎ ২০২৬ সালেও একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে হতে পারে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান ইয়াল জামির। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ–এর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী একটি বহুমুখী সামরিক অভিযানে যুক্ত রয়েছে।
তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কথা উল্লেখ করে বলেন, সেই ঘটনার পর থেকেই পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।
সেনাপ্রধান আরও জানান, সামরিক চাহিদা বৃদ্ধি পাওয়ায় দ্রুত নতুন সেনা নিয়োগের প্রয়োজন রয়েছে। তার মতে, আগামী বছরগুলোতে আইডিএফের ওপর বাড়তি দায়িত্ব সামলাতে সৈন্য সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি।
