রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

রাজধানী

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২২:২৭

ঢাকা মহানগরীতে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করলে পথচারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো পথচারী বা সড়ক ব্যবহারকারী ট্রাফিক আইন বা সংকেত অমান্য করলে অথবা নির্ধারিত পারাপার স্থান ব্যবহার না করে রাস্তা পার হলে অনধিক এক মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে অনধিক ৫ হাজার টাকা জরিমানা এবং চালকের জন্য এক পয়েন্ট কর্তন করা হবে।

সড়কে উল্টো পথে গাড়ি চালানো বা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অনধিক তিন মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া হবে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা চালু করা হচ্ছে।

ইতোমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাহাঙ্গীর গেট, গুলশান-১ ও গুলশান-২ ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

এছাড়া ডিএমপির উদ্যোগে আড়ং ক্রসিং, খেজুর বাগান, জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং, মৌচাক এবং আরও কয়েকটি স্থানে অস্থায়ী ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে।

পথচারীদের নির্দেশনায় বলা হয়েছে, ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হতে হবে।

নির্দেশনা অমান্য করলে ঘটনাস্থলেই বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শাস্তি দেওয়া হবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও প্রসিকিউশনও দায়ের করা হতে পারে।

Next News Previous News