যুদ্ধবিরতির মধ্যে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি
প্রতিশোধের হুঁশিয়ারি—নতুন বার্তা ইরানের সর্বোচ্চ নেতা
ইরানের সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei-এর নতুন বার্তা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গতকাল বৃহস্পতিবার রাতে বিবৃতিটি লিখিত আকারে প্রকাশ করা হয়।
যুদ্ধের শুরুতে তার বাবা Ali Khamenei-এর মৃত্যুর পর সর্বোচ্চ নেতার পদ গ্রহণের পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি।
বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে।
এতে আরও বলা হয়, ‘যুদ্ধের প্রথম দিনেই নিহত তার বাবাসহ সব হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। আমরা অবশ্যই প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং শহীদদের রক্তের মূল্য আদায় করব।’
ইরানপন্থিদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলা হয়েছে, উন্মুক্ত চত্বরে জনগণের কণ্ঠ আলোচনার ফলাফলে প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চায় না। তবে নিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নে কোনোভাবেই পিছু হটবে না।’
পাশাপাশি হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নেওয়ার কথাও বলা হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
