যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুরুত্বপূর্ণ পারাপারের মাধ্যম হরিদেবপুর খেয়াঘাটের ইজারা সংক্রান্ত বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
নুরুল হক নুরের বক্তব্য
নুরুল হক নুর বুধবার (১১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা সিডিউল নেন। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “৫ টাকায় আপনাদের না পোষালে ইজারা নিয়েন না, পরবর্তীতে সমঝোতার জন্য পেছনে ঘুরলেও কোনো কাজ হবে না। জেলা পরিষদ ৫ টাকা ভাড়া নির্ধারণ করে খাস কালেকশন করবে।”
তিনি সংশ্লিষ্ট এলাকার মানুষের স্বার্থের কথা তুলে ধরে বলেন, “আমার কথা পরিষ্কার, আপনি কতো টাকায় ইজারা নিচ্ছেন, কী খরচ সেটা আমার কাছে বিবেচ্য নয়। জনগণের সেবা ও কল্যাণই আমার অঙ্গীকার। আগামীতে ৫ টাকার বেশি ভাড়া আদায় করতে দেওয়া হবে না।”
জেলা পরিষদের বিজ্ঞপ্তি
গত ২ মার্চ পটুয়াখালী জেলা পরিষদ গলাচিপার হরিদেবপুরসহ মোট ২১টি খেয়াঘাটের ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বাংলা ১৪৩৩ সালের জন্য হরিদেবপুর–গলাচিপা বন্দর খেয়াঘাটের সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ৭৯ হাজার ৪৯৩ টাকা।
Source: জেলা প্রতিনিধি, পটুয়াখালী, ১২ মার্চ ২০২৬
