সিলেটে সিরিয়াল নিয়ে দ্বন্দ্বে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত

সিলেটে সিরিয়াল নিয়ে দ্বন্দ্বে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট নগরীতে পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামে এক কর্মচারীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক। সোমবার (৯ মার্চ) ইফতারের আগে নগরীর চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র

সিরিয়াল ভাঙাকে কেন্দ্র করে বিরোধ

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইফতারের প্রায় ১৫-২০ মিনিট আগে চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে তেল নিতে আসেন এক গ্রাহক। পাম্প কর্তৃপক্ষ তাকে সিরিয়াল মেনে তেল নেওয়ার অনুরোধ করলে তিনি তা অমান্য করে সরাসরি তেল নিতে চান।

এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি স্থান ত্যাগ করেন।

ফিরে এসে ছুরিকাঘাত

তবে ইফতারের প্রায় দুই মিনিট আগে ওই ব্যক্তি আবার পাম্পে ফিরে এসে কর্মচারী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত মিঠু গোয়ালাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে বলে জানা গেছে।

পাম্প কর্তৃপক্ষের বক্তব্য

মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী বলেন, তেল নিতে আসা এক ব্যক্তিকে সিরিয়াল মেনে আসার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা মানেননি। এ নিয়ে কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি চলে গেলেও কিছুক্ষণ পর ফিরে এসে একজন কর্মচারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রাহক পাম্পের কর্মচারীকে ছুরিকাঘাত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, অভিযুক্তকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Next Post Previous Post

Advertisement