বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ হিসেবে সচিবালয়ে নিজের দপ্তরের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কমিয়ে ব্যবহার করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। সেখানে প্রবেশ করেই তিনি নিজের কক্ষের ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করার পরও কক্ষের অর্ধেক লাইট বন্ধ করতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর তাঁর দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ করা হয় এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, দেশের সরকারি-বেসরকারি অফিস, শপিংমল ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের পরামর্শ দেন।
