এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থান থেকেই সরকারের বৈধতা: নাহিদ ইসলাম

খুলনা ব্যুরো: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি এবং নিয়মতান্ত্রিক উপায়েও গঠিত হয়নি। সরকারের বৈধতা এসেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে।

তিনি বলেন, “যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।”

সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের কর্মীদের উপস্থিতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “শত শত শহীদের রক্তের ওপর দিয়ে আমরা এখানে বসতে পেরেছি। জাতীয় সংসদে একসাথে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই এবং অন্তর্বর্তী সরকারের সব আদেশ বাস্তবায়ন করতে চাই।”

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন এবং জামায়াতের হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক

নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্য

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “আপনারা অধীর আগ্রহে ছিলেন শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য। কিন্তু আমরা আপনাদের হাতে খুলনায় শাপলা কলি তুলে দিতে পারিনি। তবে ভবিষ্যতে স্থানীয় নির্বাচনে আমরা প্রতিটি জায়গায় প্রার্থী দেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “তারেক রহমান বলেছিলেন গণভোটে সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটি তার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না।”

এ সময় তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের গাছের সঙ্গে, পিলারের সঙ্গে কিংবা স্কুলের খুঁটির সঙ্গে বেঁধে রাখার মতো ব্যবস্থা নিতে হবে।

Next Post Previous Post

Advertisement