মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

সিটি স্ক্যানের পর সিদ্ধান্ত

ডা. রফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে তার শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। সব দিক বিবেচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়।

মেডিকেল বোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসকরা

মেডিকেল বোর্ডে দেশের কয়েকজন প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞ ছিলেন। তাদের মধ্যে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা অন্তর্ভুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন

এর আগে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে রোগীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Next News Previous News