যুক্তরাষ্ট্র–ইসরাইলের বিরুদ্ধে হামলা চলবে: তুরস্কের মন্ত্রীকে আরাগচি

ইরানের পাল্টা হামলার ঘোষণা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের বিরুদ্ধে হামলা চলবে: আরাগচি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে ফোনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ফোনালাপে আরাগচি বলেছেন ‘শত্রুদের অশুভ তৎপরতা’ বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী তাদের অভিযান থামাবে না।

তিনি আরও দাবি করেন, যেসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছে, কেবল সেগুলোই লক্ষ্যবস্তু করা হচ্ছে। তেহরান মনে করে তাদের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ।

এদিকে তুরস্ক জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরের ওপর ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কী ছিল, তা স্পষ্ট নয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমধ্যসাগর উপকূলের দরতিয়ল এলাকায় পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Next Post Previous Post

Advertisement