মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যাওয়ার পর এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধানমন্ত্রীর খোঁজখবর
ডা. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
তিনি আরও জানান, উন্নত চিকিৎসার স্বার্থে মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। সেখানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাকে ভর্তি করা হবে।
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
