এমপিদের জন্য প্রধানমন্ত্রীর বার্তা, প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারা দেশে প্রতি সপ্তাহের শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এ অভিযানে সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এই রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস মশা কামড়ের মাধ্যমেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়।
তিনি বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই ড্রেন, ডোবা, নর্দমা বা পানিজমার সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার নির্দেশ
প্রধানমন্ত্রী জনগণকে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা ছাদের মতো জায়গায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।
তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখা সম্ভব।”
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল দর্শন হচ্ছে—‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালু থাকলে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
