এমপি কর্নেল আব্দুল বাতেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
এমপি আব্দুল বাতেনের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও তার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-৬ নম্বর কাঁচাবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি চলন্তিকা মোড় ও মিল্কভিটা এলাকা প্রদক্ষিণ করে মিরপুর-১১ নম্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে উপস্থিত নেতারা
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দীন, রূপনগর থানা আমির আবু হানিফ, পল্লবী উত্তর থানা আমির মাওলানা সাইফুল কাদের, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম এবং পল্লবী মধ্য থানা আমির মো. রইসুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অতিরিক্ত ময়লা বিল আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, মূলত ময়লা অপসারণের অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে।
তিনি জানান, ময়লা অপসারণের জন্য ৪০ টাকা নেওয়ার কথা থাকলেও এলাকাভেদে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
তিনি বলেন, আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
চাঁদাবাজি বন্ধের উদ্যোগে ক্ষোভের অভিযোগ
নাসির উদ্দীন আরও বলেন, একজন সংসদ সদস্য স্বাধীনভাবে কাজ করবেন—এটাই স্বাভাবিক। কিন্তু ঢাকা-১৬ আসনে তা সম্ভব হচ্ছে না। কারণ এমপি আব্দুল বাতেন বিভিন্ন ধরনের চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।
তার অভিযোগ, এতে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছে এবং তাদের নেতাকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।
পূর্বের ঘটনার প্রতিবাদ
উল্লেখ্য, রোববার (৮ মার্চ) ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের উন্নয়নমূলক কাজে বাধা প্রদানসহ তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান তিনি।
