বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট
সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসনের বিএনপির পরাজিত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি নিয়ে আদালত এ নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসানুল আলম।
আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাসানুল আলম।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। তিন উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে তিনটিতেই জয় পায় জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আব্দুল আলিম বিজয়ী হন। তবে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে জয় লাভ করেন।
