জুলাই সনদ বাস্তবায়ন করতে সংসদে যাবো, ফ্যাসিস্টের ভাষণ শুনতে নয়

জুলাই সনদ বাস্তবায়ন করতে সংসদে যাবো, ফ্যাসিস্টের ভাষণ শুনতে নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে তারা সংস্কার আদায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অংশ নেবেন, তবে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য সংসদে যাচ্ছেন না।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদে যাওয়ার উদ্দেশ্য

নাহিদ ইসলাম বলেন, “আমরা শুনতে পাচ্ছি ১২ তারিখ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেদিন ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কবে উচ্চকক্ষ গঠন করা হবে সেটাও আমরা দেখতে চাই।”

হাদি হত্যার বিচার দাবি

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা শুনেছি হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেফতার করা হয়েছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। শুধু প্রত্যক্ষ নয়, হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

ফ্যামিলি কার্ড নিয়ে মন্তব্য

ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “দুর্নীতি বন্ধ না হলে, ঋণখেলাপি বন্ধ না হলে এই ফ্যামিলি কার্ড দেশের কোনো কাজে আসবে না। অতি দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত নেতারা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার, তাহসিন রিয়াজ এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মাঈন উদ্দিন সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Next Post Previous Post

Advertisement