জামায়াত আমিরের নতুন উপদেষ্টা ব্যারিস্টার আরমান
জামায়াত আমিরের নতুন উপদেষ্টা ব্যারিস্টার আরমান
দলীয় নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে অধ্যাপক ডা. মাহমুদুল হাসান কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার স্থলাভিষিক্ত হিসেবে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমান কে জামায়াত আমিরের নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দায়িত্ব থেকে অব্যাহতির কারণ
বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এর নির্দেশনায় নির্দিষ্ট কিছু বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে একটি চিঠি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক ডা. মাহমুদুল হাসানকে।
তবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে এমন কিছু বিষয় যুক্ত করেন, যা আমিরের নির্দেশনার মধ্যে ছিল না। এ কারণে গত ২ মার্চ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির বিষয়বস্তু
গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এর কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, অধ্যাপক মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
চিঠিতে বলা হয়, তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান রিজিওনাল ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া ও আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন।
এতে প্রস্তাব করা হয় যে, বিরোধী দলের নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলে তা একটি নতুন উদ্যোগ হবে। এতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সরকারের সঙ্গে বিরোধী দলের মতামত তুলে ধরার সুযোগ তৈরি হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান পদসমূহ
বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ের তিনটি পদ রয়েছে। এগুলো হলো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
জামায়াতের প্রতিক্রিয়া
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো বিষয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হলে দল তা দ্রুত সংশোধনের নীতিতে বিশ্বাস করে।
তিনি বলেন, আলোচ্য ঘটনার ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং এতে আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই।
