কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় : ব্যারিস্টার খোকন
নোয়াখালী: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মানুষের মৌলিক চাহিদা পূরণের বিষয়টি গুরুত্ব দিতে হবে। কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মধ্যে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর সোনাইমুড়ী, বজরা ও চাটখিল উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সহায়তা
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপি মানুষের মৌলিক চাহিদার বিষয়কে গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।
প্রকৃত দরিদ্রদের মাঝে বিতরণের আহ্বান
তিনি আরও বলেন, সরকারের দেওয়া বরাদ্দকৃত চাল ও খেজুর যেন নামকাওয়াস্তে বিতরণ না হয়। প্রকৃত দরিদ্র ও এতিমদের মাঝে সঠিকভাবে এসব সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিতি
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, বজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওমর ফারুক, সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন নাছির, বজরা ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
