ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি জাহান্দার
নিজ হাতে ঝাড়ু দিয়ে অফিস আঙিনা পরিষ্কার এবং মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
শনিবার (১৪ মার্চ) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি; পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার; ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’—এই স্লোগানের মধ্য দিয়ে তিনি কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করেন এবং বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্ষার আগে ডেঙ্গু মশা বিস্তার রোধে আমরা আজ থেকে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করেছি। বর্ষার শুরুতে সবাই মিলে প্রতিরোধ করলে মানুষের জন্য উপকার হবে।”
এ সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার এহতেশামুল হকও ঝাড়ু হাতে অফিস প্রাঙ্গণ পরিষ্কার করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, পৌরসভার আবাসিক মেডিকেল অফিসার ডা. হরষিৎ বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম
