বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
বরিশাল মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে পৌর শহরের মুলাদী হাসপাতাল সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আজিজুল ঢালী ও ইব্রাহীম বেপারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পেছনের ঘটনা
এর আগে বুধবার বিকেল ৪টায় মুলাদী পৌর সিনেমা হল রোডে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি হয়। এতে মো. সাকিব, শওকত, কামাল, রিংকন ও বাপ্পি আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় পদ-পদবি ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে পৌর সদস্য সচিব শাওন হাওলাদার ও সভাপতি রফিক ঢালী দীর্ঘদিন ধরে বিরোধে জড়িত ছিলেন। এক পর্যায়ে কথাকাটাকাটি হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। দুই পক্ষই লাঠিসোঁটা, ইটসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীকে টিমও টহল দিতে দেখা যায়।
প্রতিক্রিয়া
মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল বলেন, বিষয়টি অনাকাঙ্খিত এবং ঘটনার সঙ্গে দুইজনের গ্রেপ্তার হয়েছে, তবে তারা জাতীয়তাবাদী দলের কেউ নয়। মুলাদী থানা অফিসার ইনচার্জ আরাফত জাহান চৌধুরী জানান, পুলিশ হেফাজতে নেওয়া দুইজনের বিষয়ে এখনো কোনো অভিযোগ নেই এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Source: রিপোর্টার, মুলাদী (বরিশাল)
