ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিলে রাজনৈতিক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা রাজনৈতিক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন, তখন ইফতারের আগমুহূর্তে আমাদের মা-বোনদের ওপর এই নৃশংস হামলা প্রমাণ করে হামলাকারীদের মনে আল্লাহর ভয় ও ন্যূনতম মানবিক বোধ নেই। হামলায় একাধিক মা-বোন ও ভাই গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারীর অধিকার ও নিরাপত্তার চরম সংকট

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, বর্তমান সরকারের আমলে নারীর অধিকার ও নিরাপত্তা চরম সংকটে। একদিকে সরকার নারীর ক্ষমতায়নের প্রচারণা চালাচ্ছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ করছে, অন্যদিকে রাজপথে ও ঘরে নারীদের ওপর চলছে পৈশাচিক হামলা ও নির্যাতন। কার্ড দিয়ে ক্ষুধা মেটানোর লোক দেখানো প্রচেষ্টার আড়ালে নারীদের সম্মান ও জীবন অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে।

আইনের আওতায় পদক্ষেপের দাবি

তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। একইসাথে সরকারি দলের প্রতি আহ্বান জানানো হয়েছে, আপনারা আপনার কর্মীদের এই লাগামহীন সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত করুন। মা-বোনদের রক্ত ও চোখের পানি বৃথা যাবে না। জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন ও কার্যক্রম কোনো অপশক্তির ভয়ে দমে যাবে না, ইনশাআল্লাহ।

নূরুন্নিসা সিদ্দীকা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬

Next News Previous News