আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট গণনার সময় সঠিকভাবে রক্ষা করা সম্ভব হয়নি। ফলে গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফল হাতছাড়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপি পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোট রক্ষার আহ্বান

সারজিস আলম বলেন, “আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, একইভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারিনি।”

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সামনে স্থানীয় নির্বাচন রয়েছে। কোনো কেন্দ্রে যদি তাদের ১০ জন ভোটার থাকে, তাহলে সেই ১০টি ভোটও রক্ষা করতে হবে। আবার কোনো কেন্দ্রে যদি ১০০ জনের মধ্যে ৯০টি ভোট তাদের থাকে, তাহলে সেই ভোটগুলোও সুরক্ষিত রাখতে হবে।

স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির আহ্বান

এনসিপির এই নেতা বলেন, ১১ দলীয় ঐক্যজোট বর্তমানে বিরোধী দল হিসেবে সংসদে রয়েছে। স্থানীয় নির্বাচন একসঙ্গে হবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে যেভাবেই নির্বাচন হোক না কেন, জনগণের দেওয়া ভোটকে আমানত হিসেবে রক্ষা করার দায়িত্ব সবার রয়েছে।

তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য রাজপথ থেকেই নেতৃত্ব দিতে হবে। আন্দোলনের নেতৃত্ব দিতে পারলে ভবিষ্যতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভয় নয়, সাহসের বার্তা

সারজিস আলম বলেন, ভয় ছোঁয়াচে—কেউ ভয় পেলে অন্যরাও পিছিয়ে পড়ে। কিন্তু সাহস তার চেয়েও বেশি ছোঁয়াচে। একজন মানুষ সাহস দেখালে অন্যরাও এগিয়ে আসে। জুলাই অভ্যুত্থানে এমন দৃশ্য দেখা গেছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের মধ্য থেকেই কেউ মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেবেন।

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২১:৪৭ | আপডেট: ১৩ মার্চ ২০২৬, ২২:০৩

Next News Previous News