বিএনপি জনগণের কল্যাণে যাত্রা শুরু করেছে : কেসিসি প্রশাসক
বিএনপি জনগণের কল্যাণে যাত্রা শুরু করেছে : কেসিসি প্রশাসক
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ইশতেহারে প্রথম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। স্বল্প সময়ের মধ্যে সরকারের উদ্যোগে, প্রধানমন্ত্রী এর প্রতিশ্রুতি পূরণ করেছেন। এটি বিএনপির প্রথম সফলতা। যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির কর্মসূচি নিয়ে নানান ধরনের কটুবাক্য ব্যবহার করেছেন, তাদের মুখে ছাই পড়েছে। বিএনপি কথা দেয় না খালি, বিএনপি কথা রক্ষা করে। এটিই বিএনপির বিশেষত্ব।
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে ১০ নম্বর ওয়ার্ড উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু। এতে প্রধান অতিথি ছিলেন রকিবুল ইসলাম।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বাংলাদেশের মানুষ আস্থা করে, বিশ্বাস করেই বিএনপিকে ভোট দিয়েছে। সেই বিএনপিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বিএনপি জনগণের কল্যাণে যাত্রা শুরু করেছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দিয়েই বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই প্ল্যানের প্রথম ধাপই হচ্ছে ফ্যামিলি কার্ড।”
তিনি আরও বলেন, “এখন ফ্যামিলি কার্ডের পরবর্তীতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম ও পুরোহিতদের সহায়তার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করি। বিশ্বাস করি ভালো মানুষকে দিয়েই নতুন পথ তৈরি হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান।
স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপকারভোগীসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
