দাবি না মানলে গভর্নরের পদত্যাগে আন্দোলনে নামার হুঁশিয়ারি
দাবি না মানলে কলম বিরতিতে যাবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা
তিন কর্মকর্তার শোকজ নোটিশ, বদলি প্রত্যাহারসহ অন্যান্য দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক-এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভর্নরের পদত্যাগের দাবিতে প্রতীকী কলম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ৩০ তলা ভবনের নিচে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
কলম বিরতির ঘোষণা
অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ বলেন, গভর্নর বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ নিয়েছেন, যার তীব্র নিন্দা জানানো হচ্ছে। গতকাল তিন কর্মকর্তাকে শোকজ নোটিশের জবাব দেওয়ার আগেই বদলি করা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গভর্নরের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি সাক্ষাৎ দেননি।
তিনি দাবি করেন, আজকের মধ্যে শোকজ ও বদলি প্রত্যাহারসহ অন্যান্য দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বৃহস্পতিবার থেকে প্রতীকী কলম বিরতি শুরু হবে। রোববার সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
