রমজানে মুসল্লিদের জন্য উন্মুক্ত হচ্ছে তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ
রমজানে মুসল্লিদের জন্য উন্মুক্ত হচ্ছে তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের এডিরনেতে অবস্থিত ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ দীর্ঘ সংস্কার কাজের পর অবশেষে রমজান মাসে মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হবে। ওসমানীয় সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এই মসজিদটি স্থানীয় মুসল্লিদের পাশাপাশি পুরো বিশ্বের দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা সংস্কার ও পুনর্নির্মাণ কাজের মূল অংশ সম্পন্ন হয়েছে। ফলে পবিত্র রমজান মাসে তারাবি ও জামাতের নামাজ আদায় করতে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন।
মসজিদটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়ায় এটি তুরস্কের অন্যতম প্রতীকী স্থাপনা হিসেবে বিবেচিত। বিশেষ করে এর স্থপতি মিমার সিনানের নকশা করা বিশাল গম্বুজ ও চার মিনার এখনও বিশ্বের স্থাপত্য বিশেষজ্ঞদের কাছে গবেষণার বিষয়।
সরকারি কর্মকর্তারা আশা করছেন, সেলিমিয়ে মসজিদ রমজানে খুলে দেওয়ায় দেশ-বিদেশের পর্যটকদের সংখ্যা আরও বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
