দাঁড়িপাল্লায় ভোট দেওয়া বউকে তালাকের নির্দেশ বিএনপি এমপির
ত্রয়োদশ সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া নেতাকর্মীদের স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-১০ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে যা দেখা যায়
গত মঙ্গলবার লালমাই উপজেলার বাগমারা বাজারে দেওয়া বক্তব্যের এক মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “সে যদি কথা দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে থাকে, তাহলে তাকে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শোনে না, তাকে তালাক দিয়ে দে।”
তিনি আরও বলেন, তার দলে কিছু ‘মোনাফিক’ রয়েছে, যারা বিএনপি করেও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে এবং জামায়াতকে সহযোগিতা করেছে। কারও কারও স্ত্রীও জামায়াতকে ভোট দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্তব্য
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, নির্বাচনের আগে যারা তার বিরোধিতা করেছেন, তারাই এখন ঢাকায় গিয়ে তার সঙ্গে সেলফি তুলে নিজেদের অবস্থান ঢাকার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, তার কাছে গুরুত্ব না পেয়ে কিছু ‘হাইব্রিড’ নেতা তার বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছেন।
প্রতিক্রিয়া মেলেনি
এ বিষয়ে বক্তব্য জানতে মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
Source: জেলা প্রতিনিধি, কুমিল্লা
