আমি কি কুমিল্লায় হজ করতে আসছি’ -অতিরিক্ত পুলিশ সুপার শামীম

‘আমি কি কুমিল্লায় হজ করতে আসছি’ — অতিরিক্ত পুলিশ সুপার শামীমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি | প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:২৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. শামীম কুদ্দুছ ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দৈনিক আমার দেশ-এর হাতে আসা এক অডিওতে তাকে বলতে শোনা যায়— আমি কি এখানে হজ করতে আসছি, আমার তো সংসার আছে। অভিযোগ অনুযায়ী, সার্জেন্ট ও ট্রাফিক পরিদর্শকদের (টিআই) কাছ থেকে প্রতি মাসে নিয়মিত চাঁদা তোলার নির্দেশ দিয়েছেন তিনি।

অডিও ফাঁস ও অভিযোগ

অডিওতে ভুক্তভোগীরা দাবি করেছেন, এএসপি শামীম সরাসরি পুলিশের পোশাক পরে বাস মালিকদের কাছ থেকে টাকা দাবি করেছেন। এমনকি প্রতিটি সার্জেন্টকে মাসে ২০ হাজার টাকা চাঁদা দেওয়ার কথাও বলেছেন তিনি। এ নিয়ে ট্রাফিক সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিলেও প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না।

চাঁদাবাজির ধরন

কুমিল্লা জেলায় তিনটি জোন থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সংগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়া অটো-সিএনজি থেকে মাসে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। এমনকি গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্যও রাজনৈতিক মহলে ফাঁস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এএসপি শামীমের বক্তব্য

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “টি আই আর সার্জেন্টরা এসব করছে। আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।” তিনি আরও দাবি করেন, চাঁদাবাজির সঙ্গে সিটি করপোরেশনের কিছু কর্মী, ব্যবসায়ী ও সাংবাদিক জড়িত।

পুলিশ সুপারের অবস্থান

কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমদ খান বলেন, “এএসপি সরাসরি টাকা চাইবে, বিষয়টা অবিশ্বাস্য। তবে বাস মালিক বা সাধারণ মানুষ অভিযোগ করলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

❓প্রশ্ন: পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কতটা সত্যি এবং এর সঠিক তদন্ত কি হবে?

Next News Previous News