মোংলায় বিএনপি নেতার ট্রলার ও মালামাল লুটের অভিযোগে তোলপাড়

মোংলায় বিএনপি নেতার ট্রলার ও মালামাল লুটের অভিযোগ

৫ লক্ষাধিক টাকার সম্পদ ও নগদ টাকার হিসাব মিলছে না, থানায় লিখিত অভিযোগ দায়ের।

বাগেরহাটের মোংলায় এক বিএনপি নেতার ট্রলার ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার সম্পদ এবং নগদ ৯২ হাজার টাকা আত্মসাৎ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের বাসিন্দা আনোয়ার তালুকদার সম্প্রতি স্থানীয় জেলে সরদার ও রাজনৈতিকভাবে প্রভাবশালী মতিউর রহমান হাওলাদারকে ইলিশ ধরার জন্য দাদন বাবদ নগদ ৯২ হাজার টাকা, একটি ট্রলার এবং জালসহ প্রায় ৫ লক্ষ টাকার সরঞ্জাম দেন।

অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট মতিউর রহমান হাওলাদার তার ছেলে ফরহাদ হাওলাদার ও সহযোগী ফয়সাল মল্লিকসহ কয়েকজন সাগরে গিয়ে প্রায় ২ লক্ষ টাকার ইলিশ মাছ ধরেন। কিন্তু তারা মাছ নিয়ে তীরে ফিরে না এসে পরিকল্পিতভাবে ট্রলারসহ অজ্ঞাত স্থানে উধাও হয়ে যান।

পরে ভুক্তভোগী আনোয়ার তালুকদার জানতে পারেন, অভিযুক্তরা রামপালে অবস্থান করছেন। তিনি তাদের সঙ্গে যোগাযোগ করলে হুমকি ও গালিগালাজের শিকার হন।

আনোয়ার তালুকদার বলেন,
“এটি সরাসরি প্রতারণা, চুরি এবং ডাকাতির ঘটনা। তারা আমার বিশ্বাসের মর্যাদা ভেঙে সর্বস্ব লুটে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় তিনি মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান,
“অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাম্প্রতিক প্রতিক্রিয়া:

স্থানীয় সচেতন মহল বলছে, প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগে সাধারণ মানুষ আরও আতঙ্কিত হচ্ছে। তাদের মতে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাড়তে পারে।

Next News Previous News