ডাকসু নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ: ভিপি পদে ৪৮, জিএস ১৯, এজিএস ২৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। ২৮টি পদের বিপরীতে জমা দেওয়া ৫০৯টি মনোনয়নপত্রের মধ্যে ৪৬২ জনকে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। ৪৭ জন প্রার্থীর প্রার্থিতা ত্রুটিপূর্ণ বলে স্থগিত রাখা হয়েছে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ। এর মধ্যে ভিপি পদে ছাত্র ৪৩ ও ছাত্রী ৫, জিএস পদে ছাত্র ১৮ ও ছাত্রী ১, এজিএস পদে ছাত্র ২৪ ও ছাত্রী ৪ জন রয়েছেন।
অন্যান্য পদে প্রার্থী সংখ্যা: মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক ১৫ (ছাত্র ১৪, ছাত্রী ১), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১১ (ছাত্র ১০, ছাত্রী ১), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ৯ (ছাত্র ৭, ছাত্রী ২), সমাজসেবা সম্পাদক ১৩ (সব ছাত্র), মানবাধিকার ও আইন সম্পাদক ১১ (ছাত্র ৮, ছাত্রী ৩), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ (ছাত্র ১২, ছাত্রী ৩), ছাত্র পরিবহন সম্পাদক ৯ (সব ছাত্র), ক্রীড়া সম্পাদক ১৩ (ছাত্র ১২, ছাত্রী ১), গবেষণা ও প্রকাশনা সম্পাদক ১১ (ছাত্র ৭, ছাত্রী ৪), কমন রুম/রিডিং রুম/ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ (ছাত্র ২, ছাত্রী ৯), আন্তর্জাতিক সম্পাদক ১৫ (সব ছাত্র), সাহিত্য সম্পাদক ১৯ (ছাত্র ১৭, ছাত্রী ২)।
সদস্য পদে প্রাথমিক তালিকায় ২১৫ জন রয়েছেন (ছাত্র ১৯১, ছাত্রী ২৪) এবং ১৩টি কার্যনির্বাহী সদস্যের জন্য ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে। এবার প্রথমবারের মতো হলের বাইরে ৬টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার ৩৯,৭৭৫ জন; ছাত্র ভোটার ২০,৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন।
