মোদির বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ঝড় তুললেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাদুরাইয়ে এক মহাসমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজেপি ও ডিএমকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন তিনি।
সমাবেশে বিজয় ঘোষণা করেন— “আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি, আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেত্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটি এমন একটি শক্তি যারা কারও কাছে মাথা নত করে না।”
তাঁর ভাষায়, “তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না। যেমন পদ্মপাতায় জল স্থায়ী হয় না, তেমনি তামিলদের সম্পর্কও বিজেপির সঙ্গে টিকবে না।”
সমর্থকদের উদ্দেশে বিজয় আরও বলেন, সিংহের মতোই তার দল জানে কবে একা থাকতে হবে, কবে ভিড়ে থাকতে হবে। সিংহ শুধু শিকারের জন্যই বের হয়, কখনো ভয় বা বিনোদনের জন্য নয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজয় বলেন— “এনইইটি বাতিল করুন! পারবেন কি, নরেন্দ্র মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা ভুগছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তুলতে চাইছেন। ক্ষমতাসীন ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে’র বাইরে নতুন বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন তিনি।
২০২৩ সালে রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয়। আগামী ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তাঁর প্রথম বড় পরীক্ষা। মাদুরাইয়ের এই সমাবেশকে বিশ্লেষকরা দেখছেন নির্বাচনী লড়াইয়ের বড় শোডাউন হিসেবে।
বিজয় সমাবেশে তাঁর লড়াইকে তুলনা করেছেন তামিল রাজনীতির ঐতিহাসিক বছর ১৯৬৭ ও ১৯৭৭-এর সঙ্গে। তাঁর ভাষায়— “২০২৬ সালেও ঘটবে ১৯৬৭ আর ১৯৭৭-এর মতো এক রাজনৈতিক জাদু। নতুন শক্তি উঠে আসবে।”
প্রশ্ন হচ্ছে—তামিল রাজনীতির এই ‘নতুন শক্তি’ আসলেই কি বিজেপি ও ডিএমকের জমাট আধিপত্য ভেঙে ফেলতে পারবে?
