নিজের জুস খেয়ে জ্ঞান হারালেন অজ্ঞান পার্টির সদস্য
নিজের জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্যই অচেতন
ট্রেনে অজ্ঞান পার্টির কৌশল এবার ব্যর্থ হলো নিজেদের ফাঁদে। নীলফামারীতে নিজেরই মিশ্রিত জুস পান করে অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান পার্টির এক সদস্য। ঘটনাটি ঘটেছে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ’ঝ’ বগিতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দিনাজপুরের বিরামপুর থেকে সৈয়দপুরগামী মা-মেয়ে যাত্রী কৌশিলা ও বীথির সঙ্গে আলাপ শুরু করেন পাশের আসনের যাত্রী ফুল মিয়া। একপর্যায়ে তিনি তাদের জুস পান করতে অনুরোধ করেন। সরল মনে মা-মেয়ে তা পান করলে মুহূর্তেই অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেন ওই ব্যক্তি।
এ সময় পাশেই থাকা যাত্রী আব্দুর রহিম, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ঘটনাটি টের পান। তিনি ফুল মিয়াকে ধরে ফেলেন এবং যাত্রীদের সহযোগিতায় তার কাছে থাকা জুস তাকে পান করতে বাধ্য করেন। তৎক্ষণাৎ ফুল মিয়া নিজেই অচেতন হয়ে পড়েন, আর তখনই সবার কাছে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়।
পরে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অচেতন দুই ভুক্তভোগী ও আটক প্রতারককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী ও অভিযুক্তের জ্ঞান ফিরলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।
প্রশ্ন হচ্ছে, ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অজ্ঞান পার্টির দৌরাত্ম্য কত দ্রুত বন্ধ করা সম্ভব হবে?
