বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ, জানালেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব

ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে—এমন অভিযোগ তুলেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর ভাষায়, “নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। কেউ তাঁর ওপর হামলা করেনি, বরং তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।”

তিনি দাবি করেন, সামনে নির্বাচনকে সামনে রেখে বিশেষ উদ্দেশ্যে এসব ঘটনা সাজানো হচ্ছে।

রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনি গভীর নিন্দা জানান। তাঁর ভাষায়, “যত বড় অপরাধীই হোক, বিচারের আওতায় আনতে হবে। উসকানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায়, তা সরকারকে নিশ্চিত করতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, দেশে মব কালচার চলছে এবং অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অর্থনৈতিক দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট করা প্রায় দুই হাজার কোটি টাকার বেশি অর্থ ফারমার্স ব্যাংকে রাখা হয়েছিল, যা বর্তমানে পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও সেই অর্থের কোনো হদিস নেই। এই টাকা উদ্ধারে সরকারের আন্তরিকতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। উন্নত গণতান্ত্রিক চর্চা ছাড়া এই পদ্ধতি সাসটেইনেবল নয়।”

তিনি আরও জানান, দলের বা অঙ্গ সংগঠনের নামে অপরাধ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কারও করা হচ্ছে।

প্রশ্ন রইল—নির্বাচন ঘিরে এই অভিযোগ-প্রত্য অভিযোগের মধ্যে জনমানুষের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলো কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারবে?

Next News Previous News