পাগলা মসজিদের দানবাক্সে আবারও রহস্যময় চিঠি: লেখা রয়েছে ‘নির্বাচন চাই না, দরকার ইউনুস সরকার’

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে আবারও মিললো এক অস্বাভাবিক চিঠি। চিঠিতে লেখা রয়েছে— “নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনুস সরকার।”

শনিবার সকালে পাগলা মসজিদের ১৪টি দানবাক্স খোলা হলে পাওয়া যায় টাকার বস্তা। গণনা শেষে দেখা যায়, এবার মোট ৩২ বস্তা টাকা জমা হয়েছে। সঙ্গে রয়েছে অসংখ্য নামে-বেনামে লেখা চিঠি, যার মধ্যে একটি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

চিঠিতে লেখা ছিল— “হে পাগলা বাবা, তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনুস সরকার। তুমি দোয়া করো যেন নির্বাচন না হয়। দোয়া রহিল, ইতি সাধারণ জনগণ।”

প্রশাসনের তথ্য অনুযায়ী, সাধারণত তিন মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়েছে। এতে গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষ। এবার বর্ধিত দান প্রবাহের কারণে নতুন করে বসানো হয়েছে আরও দুটি দানবাক্স।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলার পর পাওয়া গিয়েছিল রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি, সঙ্গে ছিল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মসজিদ পরিচালনা কমিটি ও সেনা সদস্যরা।

সাম্প্রতিক প্রেক্ষাপট

পাগলা মসজিদের দানবাক্স থেকে নিয়মিতই নানা রকম চিরকুট ও রাজনৈতিক বক্তব্য পাওয়া যায়। সর্বশেষ পাওয়া এই চিঠি স্থানীয়ভাবে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় স্থানের দানবাক্সে রাজনৈতিক বার্তা রাখা সমাজের এক বিশেষ মনস্তত্ত্বের প্রতিফলন।

প্রশ্ন হলো— পবিত্র উপাসনালয়ের দানবাক্সে এ ধরনের রাজনৈতিক বার্তা রাখা কি ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক নয়?

Next News Previous News