ভারত থেকে আটক ৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের মনুমুখ ও উদয়পুর থেকে আটক হওয়া ৫ বাংলাদেশি নাগরিককে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। সোমবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে রাতে বিজিবি ওই পাঁচজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে।

হস্তান্তরকৃতরা হলেন—ফেনীর পরশুরাম উপজেলার সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার এমদাদ হোসেন (২৭), ছাগলনাইয়া উপজেলার গিয়াস উদ্দিন (২৯), নওগাঁর মো. রাফি (২৫) এবং চাঁদপুরের আবুল বাশার (৫৫)।

সূত্র জানায়, সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে গত ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করে পুলিশ। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা তিন মাস কারাগারে ছিলেন। মুক্তির পর ১৬ আগস্ট পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে রাখা হয় এবং পরে বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে, আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে আটক করা হয় এবং তিনি এক মাস কারাগারে কাটান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “বিজিবির মাধ্যমে ৫ বাংলাদেশি নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের নাম-ঠিকানা যাচাই চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

প্রসঙ্গত, এর আগে ফেনীর সীমান্ত দিয়ে কয়েক দফায় বিএসএফ আইনবহির্ভূতভাবে ৬৭ জন বাংলাদেশিকে পুশইন করেছিল। জাতীয় ও আন্তর্জাতিক সমালোচনার পর এবার আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে নাগরিকদের ফেরত দিলো বিএসএফ।

প্রশ্ন হলো—দুই দেশের সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধে আর কী ধরনের উদ্যোগ প্রয়োজন বলে আপনি মনে করেন?

Next News Previous News