৮ প্রস্তাবনা নিয়ে বাগছাসের ইশতেহার ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) শনিবার ইশতেহার ঘোষণা করেছে। এই ইশতেহারে মোট ৮টি প্রস্তাবনা এবং ৫০ দফা দাবি উপস্থাপন করা হয়েছে। ইশতেহার পাঠ করেন ভিপি প্রার্থী আব্দুল কাদের, জিএস প্রার্থী আবু বাকের মজুমদার এবং এজিএস প্রার্থী আশরেফা খাতুন।

রাজনৈতিক প্রস্তাবনা

একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনীতির মহড়া বন্ধ করা, ক্যাডারভিত্তিক রাজনীতি প্রতিরোধ এবং শিক্ষার্থীদের জীবন, কর্ম, জ্ঞান ও সেবাভিত্তিক নাগরিক হিসেবে তৈরি করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জুলুমে জড়িতদের বিচার নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে।

একাডেমিক ও প্রশাসনিক প্রস্তাবনা

গণতান্ত্রিক সংস্কার, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, প্রশাসনিক ভবনের পেপারলেস ব্যবস্থা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সম্প্রসারণ, আধুনিক ক্লাসরুম, ল্যাব ফ্যাসিলিটি আধুনিকায়ন, শিক্ষক মূল্যায়ন এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ও আলোর ব্যবস্থা।

স্টুডেন্ট ওয়েলফেয়ার ও ডিগনিটি

‘ওয়ান কার্ড অল সার্ভিস’ চালু করে লাইব্রেরি, স্বাস্থ্যসেবা, পরিবহন ও ক্যান্টিন সুবিধা প্রদান, আবাসন সংকট সমাধান, স্বাস্থ্যবীমা, ল্যাপটপ নিশ্চিতকরণ। পোশাক ও আঞ্চলিক ভিত্তিক মোরাল পুলিশিং বন্ধ এবং শিক্ষার্থীদের সমান অধিকার নিশ্চিত করা।

ইন্টারনেট, প্রযুক্তি ও ক্যাম্পাস সুবিধা

স্টারলিংকের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট, বিশ্ববিদ্যালয় ভেতর বাস ব্যবস্থা, ভর্তুকি সহ ক্যান্টিন সেবা, ফ্রি ইন্টারনেটের আওতায় সমস্ত অ্যাকাডেমিক ভবন ও হল।

ক্যারিয়ার, স্কিল ডেভেলপমেন্ট, কালচার ও স্পোর্টস

আধুনিক লাইব্রেরি, ই-লাইব্রেরি, ক্যারিয়ার ক্লাব, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উদ্যোক্তা হাব। বিশ্ববিদ্যালয় মিউজিয়াম, কালচারাল সেন্টার, আধুনিক জিমনেসিয়াম, খেলাধুলার মাঠ সংস্কার ও সাংস্কৃতিক কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি।

নারীদের জন্য প্রস্তাবনা

নারী হলগুলিতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি, ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস, মেয়েদের জন্য নামাজের স্থান প্রসারিত, অনাবাসিক মেয়েদের হলে প্রবেশাধিকার এবং জনপরিসর নারীবান্ধব করা।

প্রশ্ন রয়ে গেছে—এই ইশতেহার বাস্তবায়িত হলে ঢাবির শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার মানে কতটা পরিবর্তন আসতে পারে?

Next News Previous News