কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম (৬৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে আটক করে। তিনি উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়ার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ছড়ায় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ১৫৫ জন নামীয় ও প্রায় দেড় হাজার অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ওই মামলায় রাফেজা বেগমকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলায় এ পর্যন্ত মোট ৫৩ জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

প্রশ্ন হচ্ছে—এই গ্রেপ্তার কি কোটালীপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করবে?

Next News Previous News