ছাড়লেন জামায়াত, বিএনপিতে যোগ দিলেন ৯ কর্মী
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিএনপিতে যোগ দিয়েছেন একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন জামায়াতে ইসলামীর প্রাক্তন কর্মী। শনিবার রাত ৯টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে—হাজী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি। এছাড়া রয়েছেন মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন এবং মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।
যোগদানকারীরা জানান, দীর্ঘদিন তারা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। নতুন রাজনৈতিক পথচলায় তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “যোগদানকারীরা আগে জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে বিএনপির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় আমাদের দলে যোগদানের সিদ্ধান্ত নেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি।”
বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে। প্রশ্ন হচ্ছে—এই পরিবর্তন কি এলাকার রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করবে এবং দলের ভেতরের কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে কি?
