আমরা রণক্ষেত্রের সাথী’, ইনুকে বলেছিলেন হাসিনা
ফাঁস হওয়া কথোপকথনে আলোচনায় হাসিনা-ইনু
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মধ্যে হওয়া কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
৫ মিনিট ৩৪ সেকেন্ডের এই অডিওতে, ইনু শেখ হাসিনাকে বলেন—“আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলতে সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।”
এ সময় শেখ হাসিনা সম্মতি দিয়ে বলেন—“আমরা রণক্ষেত্রের সাথী।”
কথোপকথনে ইনু ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়ে বলেন, এটি চালু থাকলে নিউজ দিয়ে মিডিয়াকে ভরিয়ে দেওয়া সম্ভব হবে। জবাবে হাসিনা বলেন—“ইন্টারনেট আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এসে করলে চালু করবে।”
এছাড়া জামায়াত-শিবিরকে ধরার পরামর্শ দেন ইনু। তাঁর ভাষায়, “জামায়াত-শিবির আবারও এক্সপোজড হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন।” এই প্রস্তাবে সায় দেন শেখ হাসিনাও।
এর আগে চলতি বছরের ২৫ জুলাই শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ফোনালাপ প্রকাশ পায়। সেই অডিও নিয়েও তুমুল আলোচনা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিকভাবে ফাঁস হওয়া এসব কথোপকথন রাজনীতির অন্দরের চিত্র জনসমক্ষে তুলে ধরছে, যা দেশজুড়ে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে।
প্রশ্ন হচ্ছে—এমন সংবেদনশীল কথোপকথন ফাঁস হওয়ার পর দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে?
