জুলাই ঘোষণাপত্রের আলোকেই ইলেকশন চাই, সিলেকশন নয় : তাহের
জুলাই ঘোষণাপত্রের আলোকেই ইলেকশন চাই, সিলেকশন নয় : তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “আমরা নির্বাচনে যেতে চাই, তবে আগে সুষ্ঠু নির্বাচনের সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন নয়।”
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর পল্টনের বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন সড়ক) জামায়াতের ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তাহের বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্র নিয়ে মত, ভিন্নমত ও নোট দিয়েছে। সব বিষয়ে ঐক্যমত্য হলেও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই। সরকার মুখে স্বীকার করলেও বাস্তবায়ন না করলে তার বিশ্বাসযোগ্যতা থাকে কি না, তা প্রশ্নসাপেক্ষ।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং এর আলোকে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
প্রেক্ষাপট: জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। বিভিন্ন রাজনৈতিক দল এর আইনি বৈধতা ও বাস্তবায়ন নিয়ে ভিন্ন অবস্থান প্রকাশ করেছে।
