সহিংসতা শূন্যে নামাতে বিশেষ অভিযান নির্বাচনের আগ পর্যন্ত চলব
দেশে সহিংসতা সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে নির্বাচনের আগ পর্যন্ত বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর ভাষায়, “মব ভায়োলেন্স শূন্যে নামিয়ে আনা হবে। মবের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”
সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, বর্তমান বাহিনী দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সাম্প্রতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “ইয়াবা বেশি ধরা পড়লেও বড় মাপের অপরাধীরা এখনো আইনের বাইরে। আমরা চাই, রুই-কাতলা মাছগুলো যেন দ্রুত আইনের আওতায় আসে।”
৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো আতঙ্কের কারণ নেই এবং সব কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন হবে। তবে সরকারের পক্ষ থেকে সব সময় সতর্কতা বজায় রাখা হচ্ছে।
তিনি জানান, বিশেষ অভিযান ইতোমধ্যেই সারা দেশে চলছে এবং অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে তা অব্যাহত থাকবে। একইসঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ছোটখাটো ঝগড়াঝাটি থেকেও বড় সহিংসতা যেন না ঘটে, সেদিকে পরিবার ও সমাজকে নজর দিতে হবে।
নির্বাচনকালীন নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং ট্রেনিং দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যে কোনো দল বা ব্যক্তিকে সমান সুরক্ষা দেওয়া হবে, ঝুঁকির মাত্রা অনুযায়ী সুরক্ষা ব্যবস্থায় পার্থক্য থাকতে পারে।
প্রশ্ন রইল, এই কঠোর অভিযান কি সত্যিই সহিংসতা শূন্যে নামাতে সক্ষম হবে?
