ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ, কী কথা হলো

হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান মোদির

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তা ইতিবাচক। এই সংলাপ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচলের গুরুত্ব তুলে ধরেন মোদি।

বিশেষজ্ঞদের মতে, ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস আমদানির প্রায় অর্ধেকই হরমুজ প্রণালির মাধ্যমে আসে। ফলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যেকোনো ধরনের অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে।

Next News Previous News