সংঘর্ষের পর স্লিপার বাসে আগুন, মুহূর্তেই ঝরল ৭ জনের প্রাণ
রাজস্থানে বাস-ট্রেইলার সংঘর্ষে আগুন, নিহত ৭
ভারতের রাজস্থানে দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ও ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুটি যানবাহনেই আগুন ধরে গেলে হতাহতের সংখ্যা বাড়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে দৌসা জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে। ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি দ্রুতগতিতে চলার সময় একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই বাস ও ট্রেইলার আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের ধাক্কায় বাসের ওপরের তলার কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।
খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। আহতদের বেশির ভাগই নারী ও শিশু। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়া বা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এছাড়া বাসের লাগেজ অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলেও অভিযোগ করেছেন তারা। এসব বিষয়ও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
