মসজিদে স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল

ইসরায়েলের সংসদ নেসেটে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে লাউডস্পিকার বা মাইকের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। উগ্র-ডানপন্থী রাজনৈতিক দল ওতজমা ইহুদিতের উত্থাপিত এই প্রস্তাব সংসদে প্রথম ধাপের ভোটে সমর্থন পেয়েছে।

প্রস্তাবিত আইনের খসড়া অনুযায়ী, সরকারি বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলের কোনো মসজিদ বা অন্য ধর্মীয় উপাসনালয়ে লাউডস্পিকার কিংবা পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেম স্থাপন ও ব্যবহার করা যাবে না।

খসড়ায় আরও বলা হয়েছে, কোনো উপাসনালয়ে আইন লঙ্ঘনের অভিযোগ বা সন্দেহ দেখা দিলে ইসরায়েলি পুলিশ সরাসরি সেখানে প্রবেশ করে মাইক বন্ধ করে দিতে পারবে। একই সঙ্গে আইন অমান্য অব্যাহত থাকলে সংশ্লিষ্ট উপাসনালয়ের লাউডস্পিকার ও সাউন্ড সিস্টেম জব্দ করার ক্ষমতাও পাবে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রস্তাবিত আইনে প্রথমবার নিয়ম ভঙ্গের জন্য সর্বোচ্চ ৫০ হাজার শেকেল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

নেসেটে অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটিতে বিলটির পক্ষে ৫০ জন আইনপ্রণেতা ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে ৩৬টি। তবে এটি এখনো চূড়ান্ত আইন হয়নি। কার্যকর হতে হলে বিলটি আরও তিন দফা আলোচনা ও ভোটাভুটিতে অনুমোদন পেতে হবে।

বিলটি নিয়ে ইতোমধ্যেই দেশটির রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন মানবাধিকার মহলে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে, এটি ধর্মীয় স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সমর্থকদের দাবি, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Next News Previous News