ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, জানাজা ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার দেশে ফিরবেন।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৮০ সালে তিনি স্বল্প সময়ের জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে ইরানের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) তাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি ইরানের সর্বোচ্চ নেতৃত্বে দায়িত্ব পালন করেন।

সরকারি তথ্যমতে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

Next News Previous News