প্রেমের টানে বেইজিং থেকে যশোরে, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা যুবক

ভাষা শেখার অ্যাপ থেকে প্রেম, ইসলাম গ্রহণ করে যশোরের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

ভাষা শেখার একটি অ্যাপ থেকে পরিচয়, এরপর বন্ধুত্ব, প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ে। এমনই এক ব্যতিক্রমী ভালোবাসার গল্পে চীনের বেইজিং থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে যশোরের তন্দ্রা খাতুনকে বিয়ে করেছেন লি বিং নামে এক চীনা যুবক।

জানা গেছে, যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের বাসিন্দা এবং যশোর সদর উপজেলা তথ্যকেন্দ্রে কর্মরত তন্দ্রা খাতুনের সঙ্গে সামাজিক যোগাযোগভিত্তিক ভাষা শেখার অ্যাপ ‘হ্যালোটক’-এ প্রথম পরিচয় হয় লি বিংয়ের। পরে তাদের যোগাযোগ ‘উইচ্যাট’-এ গড়ায়। নিয়মিত কথোপকথনের মাধ্যমে প্রায় আট মাসের মধ্যে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।

দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর গত ১৮ জুন বাংলাদেশে আসেন লি বিং। পরদিন ১৯ জুন ধর্মীয় ও সামাজিক রীতিনীতি অনুসরণ করে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তন্দ্রার পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে তিনি যশোরেই অবস্থান করছেন।

তন্দ্রা জানান, ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি স্বামীর সঙ্গে চীনে চলে যাবেন।

বেইজিংয়ের একটি স্মার্ট লক (তালা) উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত লি বিং বাংলাদেশে এসে নিজের অভিজ্ঞতায় সন্তোষ প্রকাশ করেছেন। ভাঙা বাংলায় তিনি বলেন, তার স্ত্রী খুব ভালো এবং বাংলাদেশের পরিবেশ, মানুষের আন্তরিকতা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ।

তন্দ্রার মা শিউলি বেগম বলেন, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হলেও দুই পরিবারের সম্মতিতেই সুন্দরভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। নতুন জামাইকে নিয়ে তারা খুবই আনন্দিত।

এদিকে এই ব্যতিক্রমী বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ তন্দ্রাদের বাড়িতে ভিড় করছেন চীনা জামাইকে এক নজর দেখতে। স্থানীয় বাসিন্দা কুলসুম বেগম জানান, তাদের এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। তাই নতুন এই দম্পতিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Next News Previous News